Saturday, 5 February 2022

ডঃ তাপস কুমার সরকার --লেখা আহবান!

ডঃ তাপস কুমার সরকার

লেখা আহবান!

তমসিতা সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যার জন্য স্বরচিত অপ্রকাশিত লেখা পাঠান ২৬শে জানুয়ারি, ২০২২ এর মধ্যে।
যেকোন বিষয়ে অনুগল্প - অনধিক ২৫০ শব্দ
লেখা পাঠাবেন হোয়াটসঅ্যাপে টাইপ করে। নাম, ঠিকানা ও ফোন নম্বর জানাবেন।
আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। সাহিত্যের উন্নতিকল্পে ও পত্রিকার স্বার্থে এক কপি কিনলে বাধিত হব। কেনা বাধ্যতামূলক নয়।
নির্বাচিত লেখক তালিকা প্রকাশিত হবে ২৭শে জানুয়ারি, ২০২২। পত্রিকা প্রকাশ নববর্ষে।
ফেসবুকে পড়ে বাবলু ব্যাঙ্গোক্তি করে " ঝেড়ে কাশ না বাবা। না কিনলে ব্যবসা চালাবি কি করে! "
" ঠিকানাটা? " রমেন কথা ঘোরায়।
-- " তুই লেখ। স্কুল থেকেই তো লিখছিস। লিস্টে নাম বেরোবে। প্রিবুকিং করবি। "
-- " কেন? বলছিলি ছাপার হরফে নিজের নাম দেখতে চাস !"
-- "হ্যাঁ, ভাবলাম এইসব পত্রিকা ন্যাকামি করে কিনতে বলবে। টাকা দিলেই ছাপবে। "
-- " বইটই পড়িস? লিখতে গেলে পড়তে হয়। "
-- " খবরের কাগজ তো পড়ি।  ....বাহাত্তর বছরের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিয়ে, রাজমিস্ত্রির সাথে বউ পালানো, সম্পত্তির জন্য বাবাকে খুন,..... কত্তো নিবি?"
-- " তুই কাগজে এসবই পড়িস? "
-- " শতকরা নব্বই ভাগ লোকই পড়ে। গল্পে একটা ঘটনা এদিক-ওদিক করে লিখেছি। প্রথম সংখ্যা! লুফে নেবে।
তুই কি নিয়ে লিখবি?"
-- " তোকে নিয়ে। "
-- "মানে? "
-- " বাংলা ভাষায় সাহিত্য চর্চা যাদের নেশা, তাদের সম্পর্কে তোর হীন স্বার্থান্বেষী মনোভাব নিয়ে লিখবো। "
বাবলুর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
সাতাশ তারিখে রমেনের ফোনে বাবলুর গলা... " তুই সেরা পাঁচজনের একজন রে। আমারটা  কেন যে বাদ দিল ! "

No comments:

Post a Comment

২রা ফেব্রুয়ারি এবং আমি"--বহ্নি শিখা

২রা ফেব্রুয়ারি এবং আমি" বহ্নি শিখা  খুব মানসিক চাপের ভিতর দিয়ে ঘুম থেকে উঠে গেলাম।ভালো লাগছিলো না মোটেই। আজকাল  মাঝেই মাঝে...